ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী মিছিলে সম্পৃক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আশরাফুল করিম ও গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় মিয়া (২১), ছাত্রলীগ কর্মী নাইম (১৯), বায়েজিদ আলম (২০), আনোয়ারুল ইসলাম সুজন (২০), আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আনসার উল্লাহ (২৮), আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (২৮) এবং জাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন (৫৯)।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান জানান, গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময় সরকারবিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিলেন। পূর্বে সংগঠিত নাশকতার মামলায় তাদের সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
ওসি সাজ্জাদ রোমান বলেন, সরকারবিরোধী নাশকতা প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।











