ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার বিষয়ে তালেবানের অবস্থানকে সমর্থন করে ফের আলোচনায় এসেছেন ভারতীয় ইসলামি আলোচক ডাক্তার জাকির নায়েক।
উপযুক্ত শিক্ষক পাওয়া পর্যন্ত মেয়েদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে রাখলে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জাকির নায়েক দাবি করেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব তথ্য সঠিক নয়।
ইমারাতে ইসলামিয়ার প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু রয়েছে।
জাকির নায়েক আরও বলেন, নিরাপদ শিক্ষার পরিবেশের অভাব এবং নারী শিক্ষকের সংকটের কারণে উচ্চতর পর্যায়ের শিক্ষা বন্ধ রাখা হয়েছে। উপযুক্ত শিক্ষক পাওয়া পর্যন্ত মেয়েদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে রাখলে এতে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া আফগান নারীরা ইসলামি শিক্ষা ও শরিয়াহ বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করছেন বলেও উল্লেখ করেন জাকির নায়েক।
সূত্র : এনডিটিভি











