আফগানিস্তানের নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে আফগানিস্তান নিয়ে চার দেশের নতুন একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইরান।
সোমবার (২ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বাঘাই বলেন, বৈঠক আয়োজনের জন্য তেহরান প্রস্তুতি নিচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকটি কূটনৈতিক সফরও সম্পন্ন হয়েছে। তবে বৈঠকে কোন কোন দেশ অংশ নেবে, সুনির্দিষ্ট তারিখ ও প্রস্তাবিত আলোচ্যসূচি সম্পর্কে তিনি কিছু জানাননি।
এর আগে এই কাঠামোর আওতায় অনুষ্ঠিত বৈঠকগুলোতে ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান অংশ নিয়েছে। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম, অর্থনৈতিক সহযোগিতা এবং আফগানিস্তানের বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে।
এই চার দেশের মধ্যে সর্বশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা আঞ্চলিক সহযোগিতা জোরদার, সন্ত্রাসবাদবিরোধী সমন্বয়, মানবিক সহায়তা এবং আফগানিস্তানের সঙ্গে আরও বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার আহ্বান জানান।
আফগানিস্তান নিয়ে আঞ্চলিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকার মধ্যেই প্রস্তাবিত এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। ২০২৬ সালের ৫ অক্টোবর রাশিয়া অষ্টম মস্কো ফরম্যাটের পরামর্শ বৈঠকের আয়োজন করে। এতে আফগানিস্তান, চীন, ভারত, ইরান, পাকিস্তান এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।
মস্কো বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম, মাদকদ্রব্য, মানবিক সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সূত্র : আরিয়ানা নিউজ











