spot_img
spot_img

৮ হাজার আবেদনের মধ্যে ২৬ ব্যবসা নির্বাচিত, অন্যরকম উদ্যোক্তার কোহর্ট ৩.০ ঘোষণা

প্রায় ৮ হাজার আবেদন থেকে ২৬টি ব্যবসাকে নির্বাচিত করেছে সিঙ্গাপুরভিত্তিক গ্লোবাল থিংক ট্যাংক ও স্টার্টআপ অ্যাক্সিলারেটর লেগাসি ভেঞ্চারসের বিজনেস অ্যাক্সিলারেশন প্রোগ্রাম ‘অন্যরকম উদ্যোক্তা’। অর্থাৎ প্রতি ৩০০ আবেদনকারীর মধ্যে প্রায় একজন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) ঢাকার বাংলাদেশ সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে কোহর্ট ৩.০-এর নির্বাচিত ব্যবসাগুলোর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস। হোস্ট ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।

অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, রিস্টার্ট ইয়োরসেলফের সিইও জাভেদ পারভেজ, অনন্যর সিইও ফাহিম আবদুল্লাহ, টেক কেয়ারের সিইও সোলেহিন ইসলাম সাগর ও কাহাফের সিইও নিজাম উদ্দিনসহ কোহর্ট ১ ও ২-এর অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত প্রতিষ্ঠাতারা ছয় মাস ধরে প্রতি মাসে দিনব্যাপী সেশনে অংশ নেবেন। এর মাধ্যমে তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করা ও বড় পরিসরে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা হবে।

‘অন্যরকম উদ্যোক্তা’ ছয় মাসব্যাপী একটি বিজনেস অ্যাক্সিলারেশন প্রোগ্রাম, যা সম্ভাবনাময় বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা বড় করতে সহায়তা করে। এটি লেগাসি ভেঞ্চারসের একটি অংশ এবং কোহর্ট ৩.০ এর তৃতীয় কোহর্ট।

লেগাসি ভেঞ্চারস একটি গ্লোবাল থিংক ট্যাংক ও স্টার্টআপ অ্যাক্সিলারেটর, যা বিশ্বজুড়ে মূল্যবোধভিত্তিক উদ্যোক্তা সংস্কৃতিকে এগিয়ে নিতে কাজ করছে। প্রতিষ্ঠানটি উদ্যোক্তা, বিনিয়োগকারী, লাইফ কোচ ও বিজনেস মেন্টরদের এক জায়গায় নিয়ে এসে প্রভাব সৃষ্টিকারী ও টেকসই স্টার্টআপ এবং এসএমই প্রতিষ্ঠাতাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ