জনগণের প্রতিটি অধিকার আদায়ের জন্য লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সদ্য কারামুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জনগণের অধিকার জনগণের হাতে ফিরে না আসা পর্যন্ত তাদের লড়াই চলবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমাদের সহযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান দেশবাসী ও প্রবাসীদের অধিকারের জন্য যেভাবে লড়াই করে কারাবরণ করেছিলেন, আমরা কথা দিচ্ছি, জনগণের প্রতিটি অধিকার আদায়ের জন্য সমান লড়াই আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। যতদিন পর্যন্ত জনগণের অধিকার জনগণের হাতে ফিরে না যাবে, আমাদের লড়াই ততদিন চলবে, ইনশাআল্লাহ।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, আমাদের প্রিয় সহকর্মী প্রমাণ করেছেন যে, আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না, এটাই হবে আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। ভয় পাই শুধু আল্লাহ তায়ালাকে।
তিনি বলেন, দেশের পাহাড়সম ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা চাপা দেওয়ার জন্য এখন বিরোধীদলকে অপপ্রচারের লক্ষ্যস্থলে পরিণত করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, যে সাপ আপনারা নাচাচ্ছেন, ওই সাপই একদিন ছোবল দেবে। সাপ কিন্তু পালিয়ে যাবে, আপনাদের মরা লাশ পড়ে থাকবে।
বিরোধীদলীয় নেতা বলেন, আমরা সংসদের ভেতরেও বলেছি, এই বসন্তের কোকিল যারা এসেছে ‘কুহু কুহু’ করতে, বসন্তকালের পর ওদের আর দেখা পাবেন না। আপনাদের যখন গ্রীষ্মকাল কিংবা বর্ষাকাল আসবে, তখন এদের আর খুঁজে পাবেন না। আপনাদের ফেলে রেখে ওরা পালিয়ে যাবে।
তিনি আরও বলেন, আমরা সাবধান করে দিচ্ছি, বিরোধীদলের চরিত্রহনন বাদ দিয়ে আপনাদের ব্যর্থতার সমাধানের চেষ্টা করুন। যদি তা করেন, মানুষের দুঃখ-দুর্দশা দূর হয়, মানুষ আপনাদের সমর্থন করবে। আর যদি মনে করেন যে, অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন, তাহলে আপনাদের দুঃসংবাদ দিচ্ছি, এটি বাংলাদেশে আর হবে না, ইনশাআল্লাহ।
তিনি বলেন, এই জনগণ আর ফ্যাসিবাদকে কখনো কবুল করে নেবে না, ফ্যাসিবাদের কাছে আর মাথা নত করবে না। সংবদ্ধ জনবল রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়াবে এবং দিন দিন এর গতি বৃদ্ধি পাবে, একটা জায়গায় গিয়ে তার পূর্ণ সমাধান হবে, ইনশাআল্লাহ।
এক মাস তিন দিনের মাথায় মেজর আখতারুজ্জামানের মুক্তিতে শুকরিয়া আদায় করে জামায়াত আমির বলেন, তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি ও ভোগান্তির কথা বলার কারণে জেলে গিয়েছিলেন। তিনি কারও গায়ে হাত দেননি। কিন্তু তাঁর ওপর মিথ্যা মামলা চাপানো হলো যে, তিনি সরকারি কাজে বাধা দিয়েছেন এবং সরকারি কর্মকর্তার গায়ে হাত দিয়েছেন, যা ছিল সম্পূর্ণ মিথ্যা।
তিনি বলেন, আমরা তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার কথা শুনে তখনই প্রতিবাদ করেছি। আমি তাঁকে আগাম জামিনের কথা বললে তিনি বলেছিলেন, ‘আমি কোনো অন্যায় করিনি যে আত্মসমর্পণ করব। যদি কোনো মামলা দেয় আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিন্তু আমি আত্মসমর্পণ করব না।’ আমি তাঁর মনোবল দেখে সত্যিই আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম যে, আপনি শক্ত আছেন, শক্ত থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সেদিনের ঘটনায় তাৎক্ষণিকভাবে দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যদি তাঁদের কোনো অপরাধই না থাকত, তাহলে দুজনকে বরখাস্ত করল কেন? ঠিক তিনি ট্রলি নিয়ে কথা বলেছিলেন যে, এখানে এসে ট্রলিকে লটারির মতো টানতে হয়। কেউ পায়, কেউ পায় না, টানাটানি করে এক ট্রলি তিন প্যাসেঞ্জার, এটা হবে কেন? ইতিমধ্যে দেখেছেন দুই দফায় তিন শত ট্রলি নতুন করে সংযুক্ত হয়েছে। তাহলে এটাও মেনে নিয়েছে যে দুর্বলতা ছিল।
তিনি বলেন, এরপরে ব্যাগ কাটা ও লাগেজ চুরি করা নিয়ে তিনি কথা বলেছেন। এখন দেখা গেল যে বডি ক্যামেরা ফিট করা হয়েছে। যারা যারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করবেন, তাঁদের সবার শরীরে এখন বডি ক্যামেরা আছে। শুরু থেকে শেষ পর্যন্ত এখন ১৫-২০ মিনিটে লাগেজ পাওয়া যায়।
মেজর আখতারুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে। এর ফল এখন যুগ যুগ ধরে শাহজালাল বিমানবন্দরে যারা ভোগান্তির শিকার ছিলেন, সেই সমস্ত যাত্রী ভোগ করছেন। এখন যেটুকু স্বস্তি ফিরে এসেছে, তা আল্লাহর মেহেরবানী এবং তাঁর প্রতিবাদের ফসল।
তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে, এটা লজ্জার। রিমান্ডে নেওয়া আরেকটা লজ্জা। তারপরে ভিত্তিহীন এই মামলায় নিম্ন আদালতে তাঁর চোখ বেঁধে উঠানো হলো, মাথায় হেলমেট পরানো হলো, বুকে সেফটি জ্যাকেট পরানো হলো, সবগুলোই লজ্জা। এরপরে সেখানে জামিন দেওয়ার সাহস পায়নি, হাইকোর্ট পর্যন্ত যেতে হলো। আবার কাপুরুষের মতো চেম্বার জজে টেনে নেওয়া হলো, এ সবগুলোই লজ্জা। ঘাটে ঘাটে লজ্জা, মহালজ্জা!
তিনি আরও বলেন, কিন্তু যাদের লজ্জা থাকার কথা, তাদের তো লজ্জা লাগে না। যার গায়ে কাপড় নেই, তাকে দেখে সম্ভ্রমশীল মানুষ লজ্জা পায়। কিন্তু যার গায়ে কাপড় নেই, তার কোনো লজ্জা নেই। সেই লজ্জা কবে আসবে? লজ্জা কি নির্বাসনে থাকবে? লজ্জা আসা উচিত।
মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের পর দেশবাসী ও প্রবাসীদের সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার হওয়ার পর সারা দেশবাসী যেভাবে সহানুভূতি, সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন, আমি তাঁর এবং আমাদের দলের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এবং দেশবাসী প্রবাসীদের সঙ্গে আছি। আমরা লড়ে যাব, সত্যের জয় হবে, ইনশাআল্লাহ।











