spot_img
spot_img

আইনে হত্যার অধিকার থাকলেও অতিরিক্ত বলপ্রয়োগ চায় না সরকার: তথ্য উপদেষ্টা

আইনি অধিকার ও সুনির্দিষ্ট প্রেক্ষাপট অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখলেও, বিগত সরকারের আমলের মতো বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের পথে বর্তমান সরকার হাঁটবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাবিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, পুলিশের বলপ্রয়োগ করার আইনি অধিকার আছে। আইনি অধিকারের মধ্যে কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট তৈরি হলে কাউকে হত্যা করার অধিকারও পুলিশের আছে। তবে তা আইনি প্রক্রিয়ার মধ্যে এবং আনুপাতিক বলপ্রয়োগের মাধ্যমে হতে হবে।

তিনি বলেন, কোনো অস্থিরতা বা আন্দোলন সরকার কীভাবে মোকাবিলা করবে, সেটি গুরুত্বপূর্ণ বিষয়।

আগের মতো আন্দোলন দমনের পথে সরকার যেতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের পুলিশ আর কখনো হাসিনার পুলিশের মতো হবে না। আমি নাগরিক হিসেবে বলছি, সরকারে থাকা মানুষ হিসেবে বলছি না।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোথাও কোথাও অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের ঘটনা দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন, কোথাও কোথাও ডিসপ্রপোশনেট বল প্রয়োগের ঘটনা ঘটেছে।

জাহেদ উর রহমান বলেন, আগে যেভাবে এগুলো দমন করার চেষ্টা করা হয়েছে, এই সরকার সেভাবে চাচ্ছে না। কারণ দিনের শেষে আমরা কিশোর গ্যাং বলি বা অন্য কাউকে বলি না কেন, এরা এই রাষ্ট্রের নাগরিক।

আন্দোলনকারীদের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, গোয়েন্দা তথ্য আছে এবং সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন, এটা কীভাবে হচ্ছে? এর সবকিছুই সেই বাহিনীর কাছে আছে। কিন্তু আমরা এটাকে এমনভাবে করতে চাই, যেন জনগণের উপরে খুব কম ভয়-ক্ষতি হয়, খুব কম সমস্যা হয়।

পোশাকশ্রমিকদের আন্দোলনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার কারণে শ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠেছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

তিনি বলেন, আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ হবে। কারণ প্রাথমিকভাবে কিন্তু শ্রমিকরাও মাঠে নেমেছিলেন, কারণ তাদের কিছু ন্যায্য দাবি ছিল। এখন যেহেতু কমিশন তৈরি হয়েছে, আমরা আশা করি তাদের আমরা বোঝাতে পারব।

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অন্য কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পোশাকশ্রমিকরা মাঠে নেমেছেন, সেটার ভেতরে ঢুকে অন্যরা এ কাজটি করছে। তারা না নামলে এ সমস্যা হয় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ