ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতদের কেউই শ্রমিক নন বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ও আশুলিয়ার নরসিংহপুরে হামিম গ্রুপসহ বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মুস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, আন্দোলনের নামে কোনো বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় প্রকৃত শ্রমিকদেরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ডিআইজি বলেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা স্বাভাবিক পরিবেশে কাজ করছেন। তবে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম প্রমুখ।











