চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নওশাদ আলম ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। নওশাদ আলম শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নওশাদ আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রধারীর জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।











