নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের এজিএস ফিরোজ আলম বাবু (৩৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার কুমিল্লা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বাবু টিসিবি পণ্যের ডিলার ছিলেন। শনিবার বেলা ১১টায় পিকআপ ভ্যানে করে টিসিবির মাল নিয়ে কুমিল্লা থেকে নোয়াখালীর সেনবাগ যাচ্ছিলেন তিনি। পথে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ছাত্রলীগ নেতা ফিরোজ আলম বাবু নিহত হন। পরে খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও স্বজনরা চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহায়তায় মরদেহ উদ্ধার করে সেনবাগ নিয়ে যায়।












