ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই চ্যানেলের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ওই থানার ২৩ নম্বর মামলা।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিকেলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ডিবিসি কার্যালয়ে একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সম্পর্কে জানতে তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পরে রাতের দিকে শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের চেয়ারম্যান ছিলেন। পরে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এরপরও তিনি মাঝেমধ্যে কার্যালয়ে যাতায়াত করতেন। বুধবার দুপুরে কার্যালয়ে গিয়ে নিজেকে ডিবিসি নিউজের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন তিনি। একপর্যায়ে কার্যালয় থেকে বের হওয়ার পর ডিবি সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান। একই সময় চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এদিকে, বুধবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তিনি আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।











