ঢাকার বাতাসের মান আজও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৭০, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা যায়।
ওই সময়ের তালিকায় ৩২২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ২৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতা। আর ১৭০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, কোনো শহরের বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান সূচক নিয়মিত হালনাগাদ করে। ফলে দূষিত শহরের তালিকায় অবস্থান ও স্কোর সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।











