দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দিনাজপুরে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় অংশ নেন নাহিদ ইসলাম। পরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন।
এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, বিএনপি সারা দেশে দমন-পীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। একইসঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও দলটি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।











