spot_img
spot_img

কওমী সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী সংস্কারের পরামর্শ মুফতী মিযানুর রহমান সাঈদের

কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থার মৌলিক কিতাবগুলো অপরিবর্তিত রেখে আনুষঙ্গিক কিতাবাদিতে যুগোপযোগী সংস্কার এবং ঈমান-আকিদা সংক্রান্ত নতুন কিতাব যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন দেশের শীর্ষস্থানীয় ফকীহ, রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতী মিযানুর রহমান সাঈদ। পাশাপাশি বাতিল মতবাদ ও নাস্তিক্যবাদের বুদ্ধিবৃত্তিক মোকাবিলায় আধুনিক আলেমদের রচিত বই সিলেবাসে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ভিডিও সাক্ষাৎকারে কওমী সিলেবাসের সংস্কার ও আধুনিকায়ন নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, বর্তমান সময়ে নানা ধরনের যুগোপযোগী প্রশ্ন ও জটিলতা সামনে আসছে। আমাদের শিক্ষার্থীরা যেন এসব প্রশ্নের সঠিক ও দাঁতভাঙা জবাব দিতে পারে, সেজন্য ঈমান-আকিদা সংক্রান্ত আরও কিছু কিতাব কওমি সিলেবাসে যুক্ত করা অপরিহার্য।

কওমি শিক্ষাধারার ঐতিহ্যবাহী ভিত্তি তুলে ধরে তিনি বলেন, আমাদের কওমি নেসাবের যে মৌলিক কিতাবগুলো রয়েছে, সেগুলোতে হাত দেওয়ার বা পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। কারণ এগুলোই শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের মূল বুনিয়াদ। এগুলোতে পরিবর্তন আনলে প্রকৃত ইলম অর্জন ব্যাহত হবে। প্রতিটি জামাতের মৌলিক কিতাবগুলো যেভাবে আছে, সেভাবেই বহাল রাখা উচিত।

তবে সহায়ক ও আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা এবং সংস্কারের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সিলেবাসের আনুষঙ্গিক কিতাবগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে। গভীর গবেষণার মাধ্যমে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা যেতে পারে।

আকিদা ও সিরাতের কিতাব বাড়ানোর পরামর্শ

বিশেষ করে আকিদা ও সিরাত অধ্যয়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুফতী মিযানুর রহমান সাঈদ। তিনি বলেন, বর্তমান সিলেবাসে এ দুই বিষয়ের কিতাব খুবই কম। সমকালীন ফিতনা মোকাবিলায় আকিদার কিতাব বাড়ানোর পাশাপাশি প্রিয় নবীজির (সা.) সিরাত চর্চা আরও বিস্তৃত করতে পর্যাপ্ত কিতাব পাঠ্যভুক্ত করা প্রয়োজন।

শিক্ষার্থীদের হাদিস মুখস্থের ওপর গুরুত্বারোপ

হাদীস মুখস্থকরণের ওপরও গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ শিক্ষাজীবন শেষ করে আলেম হয়ে বের হচ্ছে, অথচ অনেকেরই অন্তত একশ’ হাদিসও মুখস্থ থাকে না, এটি অত্যন্ত দুঃখজনক। এ অবস্থা দূর করতে সিলেবাসে থাকা ছোট ছোট হাদিসের কিতাবগুলো গুরুত্বসহকারে শিক্ষার্থীদের হিফজ করানোর পরামর্শ দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ