spot_img
spot_img

সাত শর্ত পূরণ না হলে আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না ইরান

কাতারের মাধ্যমে আমেরিকার কাছে পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে ওয়াশিংটন তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ করলেই কেবল এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ তথ্য জানান।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আমেরিকা প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান।

এদিকে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীরা তাদের প্রচেষ্টা আরও জোরদার করেছেন। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর আবারও সংঘাত শুরু হতে পারে, এমন আশঙ্কার মধ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পর আবারও সামরিক অভিযান শুরু করার সম্ভাবনা নাকচ করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে, যুদ্ধ পুনরায় শুরু হলে আরও ব্যাপক পাল্টা হামলার পরিকল্পনা করছে ইরান।

এর আগে বৃহস্পতিবার রাশিয়া সফরকালে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বলেন, ‘কূটনীতির বিষয়ে আমরা আমেরিকানদের কাছে সাতটি শর্ত ঘোষণা করেছি। তারা যতক্ষণ পর্যন্ত আমাদের সাতটি শর্ত বাস্তবায়ন না করবে, ততক্ষণ আমরা হরমুজ প্রণালি খুলব না এবং কোনো আলোচনাতেও বসব না।’

অন্যান্য শর্তের পাশাপাশি আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। অন্যদিকে, ওয়াশিংটন জানিয়েছে, যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরাইল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেসব স্থানে হামলা চালায়।

এ ছাড়া লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হয়। সাম্প্রতিক সময়ে এ সংঘাত ইয়েমেনেও ছড়িয়ে পড়ে। সেখান থেকে ইরানপন্থী হুথিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সূত্র : রয়টার্স, আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ