spot_img
spot_img

হুথিদের বিরুদ্ধে ৯৯২ অভিযানে ২৬৭ যোদ্ধা আহত, নিহত ৯ সেনা কর্মকর্তা: ইয়েমেনের সেনাবাহিনী

হুথি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত ৯৯২টি অভিযানে প্রায় ২৬৭ জন যোদ্ধা ও কমান্ডার নিহত, আহত কিংবা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। এসব অভিযানে দুই ফিল্ড কমান্ডারসহ নিজেদের ৯ জন সেনা কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি।

সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি জানান, প্রাথমিক মাঠপর্যায়ের প্রতিবেদন অনুযায়ী, এসব অভিযানে হুথিদের ৯৭টি সামরিক যান ও অস্ত্র ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, হুথিদের অবস্থান, সামরিক শক্তিবৃদ্ধির বহর ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ১৯টি বিমান হামলা, ২৯টি ড্রোন হামলা এবং ৯৪৪টি গোলাবর্ষণ ও রকেট হামলা রয়েছে।

তিনি আরও জানান, আল-জাওফ প্রদেশ এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন রণাঙ্গনে সেনাবাহিনী অগ্রগতি অর্জন করেছে। তবে কোন কোন অবস্থান দখল করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। এদিকে মারিব ও তায়েজে লড়াই অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর এই বিবৃতির বিষয়ে হুথি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে রোববার সেনাবাহিনী জানায়, অভিযানের সময় দুই ফিল্ড কমান্ডারসহ ৯ জন কর্মকর্তা নিহত হয়েছেন। মারিবে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে তারা কখন এবং কোথায় নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সেনাবাহিনী।

পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মারিব ও লাহিজে হুথিদের অবস্থান ও সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। তবে নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

এদিকে রোববার এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার চেষ্টার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদে আরামকোর একটি প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে গত জুলাইয়ে নতুন করে শুরু হওয়া সংঘাতে প্রায় ১০ হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন একটি জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। এর ফলে বছরের পর বছর ধরে লড়াই চলে এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।

২০২২ সাল থেকে বিরাজমান আপেক্ষিক শান্তি নতুন করে শুরু হওয়া এই লড়াইয়ে ভেঙে গেছে। একই সঙ্গে ইয়েমেনের মানবিক সংকট ও বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন (পাকিস্তান)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ