spot_img
spot_img

আদিয়ালা কারাগারে ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের অনুমতি হাইকোর্টের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি পেয়েছেন তাদের আইনজীবীরা। ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) কারা কর্তৃপক্ষকে আগামীকাল আইনজীবীদের সঙ্গে তাদের মক্কেলদের এক ঘণ্টা সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

১৯০ মিলিয়ন পাউন্ডের আল-কাদির ট্রাস্ট মামলায় দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে এ আদেশ দেন প্রধান বিচারপতি সরফরাজ দোগারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ।

শুনানির সময় আদালত আইনজীবী সালমান সফদরকে জানান, আইন অনুযায়ী তাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে। তবে পরবর্তী সময়ে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমোদিত দর্শনার্থীদের তালিকায় আরও পাঁচজনের নাম অন্তর্ভুক্ত করার অনুমতি চাওয়া যাবে না বলে সতর্ক করেন বেঞ্চ।

প্রধান বিচারপতি সরফরাজ দোগার সালমান সফদরের কাছে জানতে চান, নতুন করে সাক্ষাতের প্রয়োজন কেন? তিনি উল্লেখ করেন, কয়েক দিন আগেই সফদর ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জবাবে সালমান সফদর বলেন, আগের সাক্ষাতে নির্ধারিত সময় যথেষ্ট ছিল না। এ কারণে নতুন করে সাক্ষাতের প্রয়োজন হয়েছে।

আদালত প্রথমে বুশরা বিবি ও ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের আইনজীবী সরদার লতিফ খোসাকে অনুমতি দেন। পরে সালমান সফদরকেও তার মক্কেল ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। আদালত নির্দেশ দেন, আদিয়ালা কারাগারে এসব সাক্ষাতের সময় হবে এক ঘণ্টা।

বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

শুনানির আগে সালমান সফদর আদালতকে জানান, আগের সাক্ষাতের সময় বুশরা বিবি তাকে বলেছিলেন, ছয় মাস আগে কারা কর্তৃপক্ষ তাকে অস্ত্রোপচারের জন্য নিয়ে গিয়েছিল। আগামী ১৫ নভেম্বর তার আরেকটি অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুশরা বিবির শারীরিক অবস্থা পরীক্ষা করতে একটি মেডিকেল বোর্ড গঠনের আবেদন জানান সালমান সফদর। তিনি আরও বলেন, বুশরা বিবি চোখের সমস্যায় ভুগছেন বলে কারা কর্তৃপক্ষও সুপ্রিম কোর্টে স্বীকার করেছে।

সফদর জানান, চিকিৎসার কারণ দেখিয়ে তিনি এখনো জামিনের আবেদন করেননি। তিনি বলেন, নারীদের সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে আদালত ঐতিহ্যগতভাবেই সহানুভূতিশীল ও বিবেচনাপ্রসূত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে থাকেন।

তিনি আরও বলেন, কারাগারে বুশরা বিবির পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তার চিকিৎসা সম্পন্ন হওয়ার পর তিনি আপিলের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবেন।

ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল নাভিদ মালিক আদালতকে জানান, কারাগারেই বুশরা বিবির চিকিৎসা চলছে। স্বাস্থ্যসেবা পাওয়া একটি মৌলিক অধিকার এবং সরকার এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বুশরা বিবিকে দেওয়া চিকিৎসা ও চিকিৎসাসেবার সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য আদালতে জমা দেন নাভিদ মালিক।

সালমান সফদর কারা কর্তৃপক্ষের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য তলবের জন্য আদালতের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করলেও একই দিন বুশরা বিবিকে আবার তার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

জরুরি অস্ত্রোপচারের পরপরই তাকে কারাকক্ষে ফিরিয়ে নেওয়া যথাযথ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, গত ৮ নভেম্বর একটি মেডিকেল বোর্ড বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা করতেও কারাগারে গিয়েছিল।

সূত্র : দুনিয়া নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ