বর্তমান সরকারের গত আট মাসের দেশ পরিচালনায় কোনো দৃশ্যমান সফলতা নেই, বরং প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা দিন দিন প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, বিপুল প্রত্যাশা নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করলেও শ্রমিক অসন্তোষ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এখন চরম নাজেহাল।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সম্প্রতি দেশজুড়ে পতিত শক্তি নাশকতা চালিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকাসহ ১১টি জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব নাশকতার বিষয়টি সরাসরি স্বীকার করতে না চাইলেও সাধারণ মানুষের মধ্যে তা গভীর উদ্বেগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়েই সরকারের ইতিবাচক সাফল্য দেখা যাচ্ছে না।
মরহুম আল্লামা নুরুল হুদা ফয়েজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুফতী রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের তিন যুগেরও বেশি সময়ের দায়িত্বশীল এবং চরমোনাই জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দীন ও দেশের সেবায় তাঁর অবদান অনস্বীকার্য। ইলম চর্চা, রাজনীতি, তাসাউফ ও ইসলামী ঐক্যের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের সর্বস্তরের আলেমদের কাছেও তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল।
আল্লামা নুরুল হুদা ফয়েজী রহিমাহুল্লাহর খলিফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধন করেন মরহুমের সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুজিবুর রহমান, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আব্দুস সাত্তার হামিদী, মুফতী আবু ইউসুফ আল মাদানী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আ. রাজ্জাক, হাফেজ মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আলী আহমদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শামসুদ্দোহা তালুকদার, মাওলানা আমির হোসাইন, মুফতী কাউসার বাঙালি, মুফতী মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা আনছার আহমদ, মুফতী নুরুল্লাহ আশরাফী, মুফতী বরকতুল্লাহ কাসেমী, মাওলানা এমদাদুল্লাহ ফাহাদ ও মাওলানা আলাউদ্দীন প্রমুখ।











