spot_img
spot_img

আফগানিস্তান এখন নিরাপদ, নিরাপত্তা বিঘ্নিত করতে কাউকে সুযোগ দেওয়া হবে না: মাওলানা ইয়াকুব

আফগানিস্তানে বর্তমানে একটি ঐক্যবদ্ধ কেন্দ্রীয় সরকার রয়েছে এবং দেশটিতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত কোনো গোষ্ঠীর অস্তিত্ব নেই বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে কাউকে সুযোগ দেওয়া হবে না।

বুধবার (১১ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিশেষ বাহিনী বিভাগের কমান্ডোদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন মাওলানা ইয়াকুব মুজাহিদ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজুদ্দীন হাক্কানী, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বিদেশি রাষ্ট্রদূত ও সামরিক অ্যাটাশে, বিশেষ প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

কমান্ডোদের উদ্দেশে বক্তব্যে মাওলানা ইয়াকুব মুজাহিদ বলেন, তোমরা যে দায়িত্ব পালন করছ, তাতে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনকেই নিজেদের উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করবে। কারণ, এমন নিয়তের জন্য মহান আল্লাহ তোমাদের দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন। বর্তমানে দেশে একটি ঐক্যবদ্ধ কেন্দ্রীয় সরকার রয়েছে এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত কোনো গোষ্ঠীর অস্তিত্ব নেই। দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে কাউকে আমরা সুযোগ দেব না।

তিনি আরও বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, এসব বাহিনী পূর্ণ সাহসিকতা ও বিচক্ষণতার সঙ্গে তাদের প্রিয় দেশের মানুষের জীবন, সম্পদ ও ভূখণ্ড রক্ষা করবে। সব বিদেশি দেশকে বলতে চাই, আফগানিস্তান এখন নিরাপদ। দেশের ভেতরে কিংবা বাইরে এমন কোনো শত্রু নেই, যারা অন্যদের জন্য হুমকি সৃষ্টি করছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজুদ্দীন হাক্কানী। তিনি বলেন, অর্ধশতাব্দী ধরে আফগানিস্তানের নিজস্ব স্বাধীন সেনাবাহিনী ছিল না। তবে বর্তমানে দেশটির একটি সুসংগঠিত সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী রয়েছে। তোমরা কোনো আনুষ্ঠানিক বাহিনী নও, অন্য কারও স্বার্থ রক্ষার জন্যও কাজ করো না। বরং তোমরা একটি সুসংগঠিত ও স্বাধীন সেনাবাহিনী।

তিনি আরও বলেন, বস্তুগত দিক থেকে আমরা দুর্বল হতে পারি, তবে মনোবল ও আত্মিক শক্তির দিক থেকে আমরা অন্যদের চেয়ে শক্তিশালী। আমাদের মনোবল উঁচু রাখতে হবে, সামরিক বিষয়ে আবেগের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং উপযুক্ত সময়ে শত্রুর জবাব দিতে হবে। আমরা কারও জন্য হুমকি নই, বরং নিজেদের ভূখণ্ডের রক্ষক।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী বিভাগের এক হাজার তরুণ কমান্ডো ছয় মাসের পেশাগত, আদর্শিক ও কমান্ডো প্রশিক্ষণ সম্পন্ন করে অষ্টম প্রশিক্ষণ কোর্স থেকে উত্তীর্ণ হয়েছেন।

অনুষ্ঠানে উত্তীর্ণ কমান্ডোরা বিমানবাহিনীর সহযোগিতায় বিভিন্ন ধরনের চালকবিহীন উড়োজাহাজ ব্যবহার করে সমন্বিত ব্যবহারিক ও সামরিক মহড়া প্রদর্শন করেন।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ