সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার সম্পূর্ণ। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী।
আরবি সংবাদপত্র আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব ও দুই পবিত্র মসজিদের নিরাপত্তা পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, প্রতিরক্ষার স্বার্থে পাকিস্তান সৌদি আরবকে সামরিক সদস্য, প্রতিরক্ষা সক্ষমতা, প্রশিক্ষণ ও রসদ সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
সৌদি আরবে পাকিস্তানি সেনাদের উপস্থিতি প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ জানান, পাকিস্তানি সেনারা ইতোমধ্যে সৌদি আরবে মোতায়েন রয়েছেন। তারা প্রতিরক্ষা সহায়তা, সামরিক মহড়া ও কৌশলগত অনুশীলনসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সৌদি আরবকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার পর মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের অধীনে থাকা অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এসব হামলা পাকিস্তানের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলেও জানান তিনি।
সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর এবং বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেন আইএসপিআর মহাপরিচালক। এসব হামলাকে তিনি সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেন।
গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি সদস্যদেশের ওপর হামলা হলে তা সব সদস্যদেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।
ইরানের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে চৌধুরী বলেন, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধি ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের লক্ষ্য ছিল উত্তেজনা প্রশমনের একটি কাঠামো প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।
তিনি বলেন, বৈঠকে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরের অংশগ্রহণ এবং এর কয়েক দিন আগে তাঁর তেহরান সফর আঞ্চলিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের প্রতি ইসলামাবাদের অঙ্গীকারের প্রতিফলন।
বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চার দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলেও জানান তিনি।
সূত্র : আশারক আল-আওসাত, দুনিয়া নিউজ











