spot_img
spot_img

যারা আমাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, তাদের মুখে চুনকালি: নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে হামলাকারীদের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, ভয় দেখিয়ে তাদের দমিয়ে রাখার চেষ্টা যারা করছে, তাদের মুখে চুনকালি পড়বে। এ ঘটনাকে পেট্রলবোমা হামলা বলে সন্দেহ প্রকাশ করে এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে পোড়া বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। এ সময় তাঁর পাশে বাবা আব্দুল হালিম ও এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, এই ঘটনার পর সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস করছে। তারা মনে করছে, এই ধরনের হামলা করে হয়তোবা আমাদের দমিয়ে রাখা যাবে, হয়তোবা আমাদের ভয় পাইয়ে দেওয়া যাবে, হয়তোবা আমাদের অনেক বেশি কষ্ট দেওয়া যাবে, দুঃখ দেওয়া যেতে পারে। তাদের আমরা বলতে চাই, এ রকম নুসরাত তাবাসসুমের বসতবাড়ি পুড়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ দেখেছে এবং সেই দেখার ফল হিসেবেই চব্বিশ এসেছিল। তাই এ সমস্ত ঘটনা দিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একটি স্প্যাম নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে-পরে আরও বেশ কয়েকটি হুমকির কল পান তিনি। গত মঙ্গলবার পুরো ঘটনার বিবরণ দিয়ে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাঁকে বেশ কয়েকটি হুমকি দেওয়া হয়।

নুসরাতের অভিযোগ, তার বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। তিনি বলেন, এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।

বাড়িতে হামলার সময় উল্লেখ করে তিনি বলেন, সিসিটিভির সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর মনে হয়েছে, এটি পেট্রলবোমার আঘাতে হয়েছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, নিশ্চিতভাবে কিছু বলছেন না। ঘটনাটি দেখতে পেট্রলবোমা হামলার মতো।

নুসরাত জানান, খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং সাধ্যমতো পাহারা দেয়। তবে প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আলামত সংগ্রহ করা হয়নি। অন্যদিকে দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ পুড়ে যায়।

বাড়িটিকে পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মূলধারার গণমাধ্যমে প্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বাড়িটিতে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করত। পরিবারটি তাঁদের সঙ্গে থাকায় পরিবারেরই অংশ হয়ে উঠেছিল এবং বাড়িটি দেখাশোনা করত। এ বাড়িতেই তিনি ও তাঁর ছোট ভাই বড় হয়েছেন এবং তাঁর বাবা-মা সংসার করেছেন। বাড়িটি তাঁর দাদার হাতে তৈরি পৈতৃক বসতবাড়ি।

তিনি আরও বলেন, বাড়িটিতে বর্তমানে গবাদিপশুর খামার ছিল এবং আত্মীয়স্বজনও ছিলেন। সেখানে বসবাসকারী অসহায় পরিবারটির একটি শিশু আহত হয়েছে। অনেক গবাদিপশু মারা গেছে এবং বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

নুসরাত তাবাসসুম বলেন, স্থানীয় লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করেন না। তাঁর মতে, এটি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কাজ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ