স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও তিনি ৫ শতাংশ ভুল করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেনন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের পুরো বক্তব্য শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের করের টাকায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে তার বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী ও সরকার এটিকে সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন, ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না।
এ বক্তব্যের পর বুধবার বিতর্কিত মন্তব্যটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করেন তিনি।











