জলবায়ু সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সকালে সম্মেলনস্থলে যোগ দিয়ে উদ্বোধনী ও পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী এবং ওআইসির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বুধবার রাতে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিভিন্ন দেশের বিশ্বনেতারা ‘রূপান্তরমূলক’ হিসেবে বিবেচনা করছেন। তারা বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন।
হুমায়ুন কবির বলেন, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং লন্ডনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।











