spot_img
spot_img

ইসরাইলি সেনাবাহিনীর সুরক্ষায় ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা, আহত কয়েকজন

দখলকৃত পশ্চিম তীরের আতারা শহরে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাবাহিনীর সুরক্ষায় ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছে ইসরাইলি দখলদাররা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ হামলায় কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

স্থানীয় সূত্রগুলো আনাদোলুকে জানায়, কয়েক ডজন ইসরাইলি দখলদার আতারা শহরের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালিয়ে বাসিন্দাদের ওপর আক্রমণ করে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দখলদারদের সংঘর্ষ শুরু হলে তাদের সুরক্ষা দিতে শহরটিতে প্রবেশ করে দখলদার ইসরাইলি সেনাবাহিনী। এ সময় সেনারা কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও তাজা গুলি ছোড়ে বলে জানিয়েছে সূত্রগুলো।

আনাদোলুর সংবাদদাতা জানান, দখলদাররা রামাল্লার কাছাকাছি প্রধান সড়কগুলোতেও হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে দখলদার ইসরাইলি সেনাবাহিনী শহরটির প্রবেশপথগুলো বন্ধ করে দেয়। এতে সড়কগুলোতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরজুড়ে ১৫৬টি বসতি ও ৩৬০টি অবৈধ ফাঁড়িতে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরাইলি দখলদার বসবাস করছে। ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার উদ্দেশ্যে তারা বিভিন্ন হামলা চালিয়ে থাকে।

অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনাবাহিনীর অভিযান ও দখলদারদের সহিংসতা ক্রমেই বাড়ছে। এসব সহিংসতার মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, গ্রেপ্তার, বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া, ভূমি সমতল করা ও জমি দখল। একই সময়ে ইসরাইলি বসতি সম্প্রসারণও অব্যাহত রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ