সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে তিনি বলেছেন, এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি উদ্বেগ থাকে, তাহলে আমাদের নিজেদের পথ দেখতে হবে।
আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট করে তিনি বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু তারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে তাদের পরিবারও ফ্যাসিবাদী শক্তির দ্বারা আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস।’
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। এ বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব প্রত্যাশা করেন তিনি।
সংরক্ষিত নারী আসনে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে বুধবার রাতে আগুনের ঘটনা ঘটে। সেখানে চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।
বুধবার রাতের ঘটনার প্রসঙ্গ তুলে এ ঘটনায় পেট্রোলবোমা ব্যবহার করা হয়নি বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘সেই থানার যে ওসি উনি কমেন্ট করেছেন যে, ওখানে কোনো পেট্রোলবোমার আলামত পাওয়া যায়নি। আমি নিজে এসপির সাথে কথা বলেছি, সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি, দুপুর পর্যন্ত। কোনো ফরেনসিক ইনভেস্টিগেশন ছাড়াই তারা বলে দিচ্ছে যে সেখানে কোনো পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়নি।’
একই সঙ্গে এনসিপির আরেক নেতা হাসিব ইসলামের ওপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও একজনকে গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, ‘সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরেও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না, আজকে এই প্রশ্নটাই করতে এসেছি?’











