চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে সোয়া দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। এখনো সেই ঘোষণা থেকে সরে আসেননি তিনি। তবে দেশে ফেরার নির্দিষ্ট দিন-তারিখ জানাননি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে তাঁর আশ্রয়দাতা দেশ ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় দুই বছর ধরে ঝুলিয়ে রেখেছে দিল্লি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারবার বলেছেন, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।
তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লির কোনো ভূমিকা রয়েছে কি না, তার প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করতে ভারত পর্দার আড়ালে কোনো তৎপরতা চালাচ্ছে কি না এবং এ ক্ষেত্রে ভারতের কূটনৈতিক লাভ-ক্ষতির হিসাব কী, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা।
শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের যোগ কতটা?
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে দেশে ফেরার এই ঘোষণা দেননি। অর্থাৎ, শেখ হাসিনা ও দিল্লি উভয় পক্ষ এ বিষয়ে একমত হওয়ার পরই এই ঘোষণা এসেছে।
দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর ইস্যু হয়ে উঠেছে। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত ও দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে দিনের পর দিন আশ্রয় দিয়ে রাখার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে।
ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যেতে পারলে। অতীতে এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লির একাধিকবার আলোচনা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।
এ পরিস্থিতিতে ভারত মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে দিল্লির নীতিনির্ধারকেরা মনে করছেন।
ভারতে আশ্রয় নেওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়মিত ব্রিফিংয়ের আয়োজন করে থাকে। শেখ হাসিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এসব বৈঠকে ভারতের মনোভাব তার সামনে তুলে ধরা হয়েছিল। দুই পক্ষ এ বিষয়ে একমত হওয়ার পরই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রত্যর্পণের অনুরোধ ঝুলিয়ে রেখেছে কেন ভারত?
শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ২০২৪ সালের ডিসেম্বরেই ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। এরপর একাধিকবার একই বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে।
তবে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের অনুরোধে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি। ভারত যদি সত্যিই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায়, তাহলে প্রত্যর্পণের অনুরোধে সাড়া দিচ্ছে না কেন, এমন প্রশ্নের উত্তরে ভারতের পর্যবেক্ষকেরা বলছেন, শেখ হাসিনা দেশটির দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু। তাকে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অতীতে ‘হাতকড়া পরিয়েও’ বিদেশ থেকে বন্দিদের দেশে ফেরত পাঠানোর নজির থাকার কথা বলেছেন। তবে শেখ হাসিনার ক্ষেত্রে ভারত এমন পদক্ষেপ নেবে, তা কল্পনারও অতীত বলে মনে করছেন ভারতের পর্যবেক্ষকেরা।
তাদের মতে, এমন কিছু করা হলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের কোনো নেতা তখন আর ভারতকে ভরসা করতে পারবেন না।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতের মাটিতে পৌঁছান, তখন তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না, ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের দৃষ্টিতে তার সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু আইনি ফাঁকফোকর রয়েছে, যেগুলো কাজে লাগিয়ে কোনো অনুরোধ দীর্ঘদিন ঝুলিয়ে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধের ক্ষেত্রেও ভারত একই ধরনের কৌশল অনুসরণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কোন শর্তে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত?
দিল্লির সরকারি কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতের প্রধান শর্ত দুটি।
প্রথম শর্ত: শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে। তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীকেই দায়িত্ব নিতে হবে।
এই প্রক্রিয়া আকাশপথে অথবা স্থলপথে হতে পারে। বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে তাকে নিয়ে যেতে পারে। আবার স্থল সীমান্তের কোনো নির্দিষ্ট স্থানেও বাংলাদেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এ জন্য ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতি ও আয়োজনের ব্যবস্থা করতেও দিল্লি প্রস্তুত রয়েছে।
দ্বিতীয় শর্ত: শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে এ দাবিকে বাংলাদেশের নিজস্ব বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা হতে পারে, এমন আশঙ্কায় ভারত অত্যন্ত সতর্ক থাকতে চাইছে। এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যও করছে না দিল্লি।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’
ওই কর্মকর্তা আরও জানান, বিচারপ্রক্রিয়া যাতে আন্তর্জাতিক বিশ্ব ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে হয়, সেটিও নিশ্চিত করতে চাইবে ভারত।
এই দুটি শর্ত পূরণের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথ প্রশস্ত করতে কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে দিল্লি।
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লি যান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি তিনি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এ সময় ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র বিবিসিকে বলেন, ‘বাংলাদেশে আমাদের হাই কমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনও কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।’
ওই সূত্র ইঙ্গিত দিয়েছিলেন, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই ছিল ওই সাক্ষাতের উদ্দেশ্য।
বিগত দুই থেকে আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে নানা ওঠানামা থাকলেও দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। এতে কখনো ছেদ পড়েনি।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরিরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের আগে থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয়েছে এবং হয়ে আসছে।
দুই সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান এই স্বাভাবিক যোগাযোগ শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত বলে ওই সামরিক সূত্র ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে না, এটাও তো ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহুর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।’
এ কারণে বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব সে দেশের সেনাবাহিনীই নিক, এটিও ভারত চাইছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডিসেম্বরে শেখ হাসিনা ফিরতে পারবেন কি না, কী ভাবছে ভারত?
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন কি না, এ প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কঠিন বলে জানিয়েছে বিবিসি বাংলা। তবে ভারতের ধারণা, তার দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা অন্য জায়গায়।
দিল্লিতে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, তাদের ধারণা, বাংলাদেশ সরকার মুখে শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে তাকে দেশে ফিরতে দিতে চায় না।
কর্মকর্তাদের ভাষ্য, ‘জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে।’
এ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে একাধিক শর্ত ও জটিলতা রয়েছে। এসব শর্ত পূরণ করে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা।
তাদের মতে, অচিরেই ঘটনাপ্রবাহ নাটকীয় কোনো মোড় না নিলে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম।
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের কূটনৈতিক লাভ-ক্ষতির হিসাব কী?
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যেভাবে চাইছে, সেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো কঠিন। বিষয়টি প্রথম থেকেই দিল্লির জানা ছিল। এরপরও শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তা দিল্লির সম্মতি নিয়েই করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর কারণ, ভারত মনে করছে, শেষ পর্যন্ত শেখ হাসিনা এখন দেশে ফিরতে না পারলেও দিল্লির তেমন কিছু হারানোর নেই।
দিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি।’
পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনেকটা উজ্জীবিত বোধ করছেন। ভারত যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায়, তাই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে এর একটি ইতিবাচক দিক হিসেবে দেখছে দিল্লি।
চলতি বছরের ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা বলা কঠিন। তবে শেষ পর্যন্ত তিনি ভারতের মাটিতেই থেকে গেলে তার উপস্থিতিকে যৌক্তিক হিসেবে তুলে ধরার জন্য দিল্লির হাতে তখন বাড়তি যুক্তি থাকবে বলে মনে করছে ভারত।











