spot_img
spot_img

আ. লীগের চক্রান্ত মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্যের চান গণসংহতি আন্দোলন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চক্রান্ত ও নাশকতার বিরুদ্ধে দেশের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে ঐক্য সুসংহত করার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নেতাদের অভিযোগ, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে চক্রান্ত ও উসকানির মাধ্যমে দেশের সাধারণ মানুষের ক্ষতি করে চলেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ এবং পতিত ফ্যাসিস্ট চক্রের মদদে অব্যাহত নাশকতার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

এসব ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণসংহতি আন্দোলনের নেতারা।

বিবৃতিতে তারা বলেন, বাস পোড়ানো, রাস্তায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে ককটেল নিক্ষেপের মতো ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক ও ভীতি সঞ্চার করছে। এসব ধারাবাহিক নাশকতার পেছনে হামলাকারীদের আসল শক্তির উৎস কোথায়, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে এখনই আরও অধিক মনোযোগী হতে হবে।

তারা আরও বলেন, ‘রাষ্ট্রকে গভীর সংকটের মধ্যে ফেলে নিজেদের দলীয় স্বার্থ উদ্ধারের জন্য পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। এই গভীর ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে ঐক্য সুসংহত করতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিবৃতির শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের সঙ্গে জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ