spot_img
spot_img

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিজিবি-২৮ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বাঁশতলা বিওপির সদস্যরা সীমান্তের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

বিজিবি জানায়, আটক ছয় বাংলাদেশির মধ্যে চারজন মাদারীপুর এবং দুজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা। অপর আটক ব্যক্তি স্থানীয় একজন মানব পাচারকারী বলে জানিয়েছে সংস্থাটি। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজিবি আরো জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতে কাজের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। তবে তাঁরা কীভাবে এবং কখন ভারতে গিয়েছিলেন, তাঁদের যাওয়ার পেছনে শুধু কাজের উদ্দেশ্য ছিল, নাকি অন্য কোনো বিষয় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বৃহস্পতিবার রাতে বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তপিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ