spot_img
spot_img

সমাজে জামায়াতের ভালো বন্ধু নেই, জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে জামায়াত: রাশেদ খাঁন

সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে তারা জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে।

শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলেন না। তবে অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও তাঁর মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বেরিয়ে আসার পর সচেতন মানুষের কাছে জামায়াত-শিবির সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাদের আমীর থেকে কর্মী পর্যন্ত সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না। বরং সম্মিলিত সাইবার অ্যাটাকের মাধ্যমে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।

রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, তিনি যখন একের পর এক জামায়াত-শিবিরের মিথ্যা ন্যারেটিভ ভেঙে দিয়েছেন, তখন দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। জাতীয় সংসদে জামায়াতের আমীরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায়, তাঁর কারণে ‘জান্নাতি দল’ হিসেবে পরিচিতি দেওয়া জামায়াতের নির্মিত মিথ্যা ন্যারেটিভ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের এমপি গাজী নজরুলের পর দলটির আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। এ কারণে তারা পাগলের মতো উন্মাদ হয়ে তাঁর বিরুদ্ধে নেমেছেন।

বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির ‘জাহেলিয়াতি’ শুরু করেছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, একটা সময় আসবে, যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ