চট্টগ্রামে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (১৫ নভেম্বর) সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ কার্যক্রম হতে পারে।
মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন পাঁচজন। তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
অন্যদিকে, পলাতক রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ ১৭ জন।
উল্লেখ্য, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।










