ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী মাওলানা হায়াতুল্লাহ মুহাজির ফারাহি গণমাধ্যমকে সমাজের বাস্তব চিত্র ভারসাম্যপূর্ণভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জনগণের মধ্যে অবাস্তব প্রত্যাশা তৈরি করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, কিছু বিদেশি গণমাধ্যম আকর্ষণীয় বার্তার আড়ালে এমন বিষয়বস্তু প্রকাশ করছে, যা সামাজিক ঐক্য দুর্বল করার পাশাপাশি আফগানদের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরুজ প্রদেশে সাংবাদিকদের বুদ্ধিবৃত্তিক, আদর্শিক ও পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এক দিনব্যাপী সেমিনারে এসব কথা বলেন মুহাজির ফারাহি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তরুণদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তরুণদের আন্তরিকভাবে চেষ্টা করতে হবে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সামরিক যুদ্ধের সময় যেমন সম্মুখযুদ্ধের ময়দান রক্ষা করা ফরজ, তেমনি গণমাধ্যমের ময়দান রক্ষা করাও ফরজ। এ ক্ষেত্রে প্রত্যেকের পূর্ণ আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত।
তিনি আরও বলেন, গণমাধ্যমের উচিত সমাজের বাস্তব চিত্র ভারসাম্যপূর্ণভাবে তুলে ধরা এবং জনগণের মধ্যে অবাস্তব প্রত্যাশা তৈরি করা থেকে বিরত থাকা। কিছু বিদেশি গণমাধ্যম আপাতদৃষ্টিতে আকর্ষণীয় বার্তার আড়ালে এমন বিষয়বস্তু প্রকাশ করছে, যা সামাজিক ঐক্য বিনষ্ট করছে এবং আফগানদের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে গণমাধ্যম পর্যবেক্ষণ বিভাগের পরিচালক মাওলানা সফিউল্লাহ রায়েদ বলেন, সামরিক যুদ্ধে ইসলাম ও দেশের শত্রুরা পরাজিত হয়েছে। এখন তারা আদর্শিক যুদ্ধে নেমেছে। এ যুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই আমাদের সাংবাদিক ও তরুণদের এসব মাধ্যম কার্যকরভাবে ব্যবহার করা উচিত।”
তিনি ইসলামী, জাতীয় ও সামাজিক মূল্যবোধ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কোনো সংবাদ প্রকাশের আগে এর সম্ভাব্য পরিণতি বিবেচনা করার আহ্বান জানান।
আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, সেমিনারে অন্যান্য বক্তাও গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সময়মতো সহজে তথ্য পাওয়ার সুযোগ প্রকৃত তথ্য ছড়িয়ে দিতে, সঠিক সংবাদ পরিবেশন করতে এবং অপতথ্য প্রতিরোধে সহায়তা করে।
মন্ত্রণালয় আরও জানায়, অংশগ্রহণকারীরা সাংবাদিক ও গণমাধ্যম কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে এ ধরনের সেমিনারের আয়োজনকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।
সূত্র : পাজওয়াক আফগান নিউজ











