spot_img
spot_img

‘খুনি জিয়াউল আহসান’ ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতা দেখাচ্ছে, ব্যবস্থা নিতে ব্যর্থ সরকার: সিবগাতুল্লাহ সিবগা

‘খুনি জিয়াউল আহসান’ ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছেন, অথচ বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিবগাতুল্লাহ সিবগা বলেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অভিযুক্তরা ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতা দেখাচ্ছে, অথচ সরকার তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে পারছে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে ছাত্রশিবিরের এই শীর্ষ নেতা বলেন, ফ্যাসিবাদী শাসক ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আস্ফালন করছে। তারা আবারও বাংলাদেশে আসার কথা বলছে। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনার আসার অপেক্ষায় আছে; আপনি দেশে আসলে আপনার বিচার সংঘটিত হবে।’

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো সংগঠন নয়, বরং ভারতের সংগঠন বলে মন্তব্য করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের জনমানুষের নিরাপত্তা বিঘ্নিত হলে ইসলামী ছাত্রশিবির, জামায়াতের যুব বিভাগসহ সমগ্র তরুণ সমাজকে আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানান সিবগাতুল্লাহ সিবগা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ