spot_img
spot_img

ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। আইনটি আধুনিক ও বিনিয়োগবান্ধব করে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

প্রস্তাবিত বাণিজ্যিক আদালতের সংখ্যা ও অবস্থান সম্পর্কে আইনমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে এসব আদালত প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হতে পারে। সীমিত পরিসরে আদালত প্রতিষ্ঠার মাধ্যমে এ বিষয়ে বিশেষায়িত দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে তুলতে চায় সরকার।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর আইনি ব্যবস্থা থাকতে হবে। এ লক্ষ্যেই প্রস্তাবিত আইনটি আরও পরিমার্জিত ও আধুনিক করতে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং সুনির্দিষ্ট সুপারিশ চাওয়া হয়েছে।

বিনিয়োগের অনুমোদন প্রক্রিয়ার জটিলতা তুলে ধরে মন্ত্রী বলেন, আগে একটি বিনিয়োগের অনুমতি পেতে বিদেশি বিনিয়োগকারীদের ২০ থেকে ২৫টি জায়গায় যেতে হতো। এতে অন্তত ছয় মাস সময় লাগত। বর্তমান সরকার এ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। সমন্বিত ব্যবস্থার মাধ্যমে অল্প কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তবে দেশে বিনিয়োগের পর অর্থ বা মুনাফা ফেরত নেওয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের নানা সমস্যায় পড়তে হয় বলে জানান তিনি। স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, শ্রমিকদের করা ফৌজদারি মামলা এবং ভ্যাটসংক্রান্ত জটিলতা বিনিয়োগকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন দিয়ে বিনিয়োগকারীদের সব ধরনের সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়।

বিদ্যমান আইনের সীমাবদ্ধতা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, তার বিবেচনায় আইনটি যথেষ্ট মানসম্মত হয়নি। এতে প্রচলিত আইনের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সালিশ আইনও এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে মূল সালিশি ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব দুর্বলতা দূর করতেই আইনটি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।

বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং এ ধরনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও নতুন আইন প্রণয়নের সময় বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।

অংশীজনদের আগামী ১০ দিনের মধ্যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সভায় মৌখিক মতামতের পাশাপাশি লিখিত সুপারিশও আইন মন্ত্রণালয়ে পাঠানো যাবে। এসব সুপারিশ পর্যালোচনা করে পরবর্তী পরামর্শ সভার আগেই আইনের খসড়া আরও পরিমার্জন করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রস্তাবিত আইনটি যতটা সম্ভব কার্যকর, আধুনিক ও বিনিয়োগবান্ধব হওয়া প্রয়োজন। অংশীজনদের অভিজ্ঞতা ও মতামত নিয়ে আইনটি চূড়ান্ত করে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের লক্ষ্য রয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান ড. মিখাল ক্রেইজা, বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর ও রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির প্রধান মার্কাস ডেভিস এবং নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বক্তব্য দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ