বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগে নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভেতরে সংবাদ সম্মেলন এবং বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।
১ম থেকে ১২তম এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তাঁরা তাঁদের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। প্রধানমন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরতে চান তাঁরা। বিভিন্ন সময়ে এসব বিষয় তুলে ধরলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণেই আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
চাকরিপ্রার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ দ্রুত কার্যকর করা।
এ ছাড়া গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে একটি অনলাইন গণমাধ্যমের সম্পাদক ১ম থেকে ১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন চাকরিপ্রার্থীরা। ওই বক্তব্যের প্রতিবাদও তাঁদের কর্মসূচির অন্যতম কারণ।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন সম্পর্কে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়। পাশাপাশি ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর গৃহীত সর্বশেষ সিদ্ধান্তও কমিটিকে জানানো হয়। পরে কমিটি এসব শিক্ষকের নিয়োগপ্রক্রিয়া সরকারের নির্বাহী আদেশে সম্পন্ন করার সুপারিশ করে।











