spot_img
spot_img

শেখ মুজিবের সামনে পাকিস্তানের ভুট্টোও পা তুলে বসেছিলেন: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পা তুলে বসার ঘটনায় বেয়াদবির কোনো ইঙ্গিত দেখেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ মুজিবের সামনে পাকিস্তানের জুলফিকার আলি ভুট্টোও পা তুলে বসেছিলেন।

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যাড মিলিব্যান্ডকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। গত দুই সপ্তাহে তার সঙ্গে দুবার দেখা হয়েছে। তিনি অত্যন্ত আন্তরিক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত শ্রদ্ধা করেন।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে আখ্যায়িত করেছেন জানিয়ে হুমায়ুন কবির বলেন, তিনি বাংলাদেশের জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পা তুলে বসার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তার বসার মধ্যে আমি কোনো বেয়াদবির ইঙ্গিত দেখি না। তার মধ্যে আন্তরিকতাই দেখেছি।

একটি ভালো আলোচনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কিছু লোক এ প্রসঙ্গটি সামনে আনছেন বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বের আগে হুমায়ুন কবির বলেন, তুরস্কে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের মাধ্যমে তিনি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক হয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য দেন। এতে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু তহবিল লুটপাটের চিত্র তুলে ধরে কঠোর সমালোচনা করেন হুমায়ুন কবির।

তিনি আরও জানান, চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত ও বৃটেনসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ