বাংলাদেশের জন্য নিজের ও তুরস্কের সামর্থ্যের সবটুকু কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি বলেছেন, বাংলাদেশের যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা জানালেই তুরস্ক এগিয়ে আসবে।
রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত ১০ নভেম্বর তুরস্কের আনতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে এরদোয়ান ও তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে এরদোগান তারেক রহমানকে বলেছেন, তিনি বাংলাদেশের জনগণের নেতা হওয়ার পাশাপাশি তার একজন মূল্যবান ভাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে এরদোগান বলেন, আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করবো।
হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক এই সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
তিনি আরও জানান, দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এবং বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পপার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ বিনিয়োগ ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক সহায়তার অর্থায়ন নিয়েও দুই নেতা আলোচনা করেছেন।
এদিকে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, বৈঠকে বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন এরদোয়ান। কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রাখতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বন্যা ব্যবস্থাপনা ও দুর্যোগসহনশীল অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়টিও আলোচনায় এসেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে। দুই দেশের সম্পর্ক ক্রমেই কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।











