spot_img
spot_img

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খান

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, এ অঞ্চলের মানুষের মনোভাব বিবেচনায় নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্য ও কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় ৪ জন আওয়ামী সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় এবং অনেকে আহত হয়। কিন্তু বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না।

তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। আশা করি, শীঘ্রই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বদ্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।

তিনি আরও লিখেছেন, ‘নিউজে দেখলাম, আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামদের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিল।

রাশেদ খান আরও বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ