সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে ফের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি আসে। এ সময় মাহমুদা মিতু জাতীয় সংসদে অবস্থান করছিলেন। ফোনে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’, ‘টুকরা টুকরা করা হবে’।
এর আগে গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে মৃত্যুর হুমকি পাচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। হুমকির বার্তায় ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাহমুদা মিতু। এ সময় হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে পাঠানো একটি বার্তাও রয়েছে।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি।’
তিনি বলেন, ‘শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’
মাহমুদা মিতু আরও বলেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’











