spot_img
spot_img

হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে হাজির করায় সংসদে ক্ষোভ প্রকাশ ইলিয়াস আলীর স্ত্রীর

গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

বক্তব্যে তিনি বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল হাসান (জিয়াউল আহসান) বর্তমানে কারাগারে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিচার চলমান। গত বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করার সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিতে তাঁর অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন। আর তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হচ্ছিল, তাঁরা তাঁকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন।

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, এ ধরনের একজন অভিযুক্ত ব্যক্তি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোয় তাঁকে হাতকড়া বা ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁরা মর্মাহত হয়েছেন। তাঁর মতো ভুক্তভোগী বহু পরিবারও চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত।

বক্তব্যের শেষে তিনি প্রশ্ন তুলে বলেন, সরকার কি তাঁকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তাঁর প্রতি কোনো বিশেষ মানবিকতা দেখানো হচ্ছে? ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি এমন অমানবিক আচরণের বিষয়ে আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ