spot_img
spot_img

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: সংসদে আইনমন্ত্রী

গুম ও খুনের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। গত বৃহস্পতিবার তাকে জেরার জন্য আদালতে নেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা তাকে প্রটোকল দিচ্ছেন।

লুনা বলেন, এ ধরনের অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাকে তা পরানো হয়নি।

তিনি সংসদকে জানান, বিষয়টি তাকে মর্মাহত করেছে। এ ঘটনায় তার মতো আরও অনেক পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার কি তার প্রতি বিশেষ মানবিকতা দেখাচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আইনমন্ত্রীর কাছে এ প্রশ্নের ব্যাখ্যা চান তিনি।

এ সময় স্পিকার বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করায় আইনমন্ত্রী চাইলে এর জবাব দিতে পারেন অথবা নোটিশ চাইতে পারেন।

জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়ার ক্ষেত্রে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ