গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ সড়ক এলাকায় বিএনপি নেতা রাকিবের ফার্নিচারের দোকানে আগুন দেওয়ার সময় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতার ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।











