spot_img
spot_img

চাঁদা না পেয়ে রামপুরায় ইন্টারনেট প্রতিষ্ঠানের দুই কর্মীকে গুলি

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের গুলিতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে স্পীড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাবিব রহমান (২৬) ও সাজু আহমেদ (২৮)। তারা দুজনই ওই প্রতিষ্ঠানে নেটওয়ার্ককর্মী হিসেবে কর্মরত।

প্রতিষ্ঠানটির সহকর্মী ও প্রত্যক্ষদর্শী নাঈমুল ইসলাম টিপু জানান, সন্ধ্যায় রামপুরার ওয়াপদা রোডের ওই অফিসে হঠাৎ চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা দুই কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে হাবিব রহমানের বাম হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।

পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদা দাবির বিষয়ে নাঈমুল ইসলাম টিপু আরও জানান, বেশ কিছুদিন ধরে দুর্বৃত্তরা ওই প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আজ এ হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তরা ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে শুনেছেন জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।

এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রামপুরা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ