পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে পূর্বনির্ধারিত তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে স্থগিতের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস সেক্টরে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার লক্ষ্যে নির্ধারিত তৃতীয় বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
এর আগে, গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিকদের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। তবে সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব না দেওয়ায় তাদের চার দিন সময় দেওয়া হয়েছিল।
এরই ধারাবাহিকতায় সোমবারের তৃতীয় সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব উপস্থাপন এবং এ নিয়ে আলোচনার কথা ছিল। তবে সভাটি স্থগিত হওয়ায় নির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না।











