spot_img
spot_img

গাজ্জায় এক দিনে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে আরও তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন রবিবার (১৫ নভেম্বর) রাফাহর কাছে ড্রোন হামলায় এবং অপরজন এর আগে চালানো হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

চিকিৎসা সূত্র জানায়, রবিবার রাফাহর উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় মুআবিয়া মসজিদের কাছে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে আহমেদ সাঈদ ফাথি আবদিন ও মোতাজ হাজ্জি শহীদ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

গাজ্জার ক্রসিং কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশ করা পণ্যবাহী ট্রাক পর্যবেক্ষণের দায়িত্বে থাকা অর্থনীতি মন্ত্রণালয়ের একটি কার্যালয় লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ওই সূত্রের তথ্য অনুযায়ী, শহীদ ৩৪ বছর বয়সী আবদিন সেখানে কর্মরত ছিলেন।

গত ২৮ অক্টোবর একই স্থানে হামলা চালিয়ে গাজার সরকারি ছয় কর্মীকে হত্যা করেছিল ইসরাইলি বাহিনী। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছিল, ওই কর্মীরা প্রবেশ করা পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ঠেকানোর দায়িত্বে ছিলেন।

এদিকে, গাজ্জা সিটির আল-জালা সড়কে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরাইলি বাহিনীর আগের হামলায় আহত আবদুল্লাহ মাজেন হাসুনা (২৮) রবিবার মারা গেছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

এ ছাড়া খান ইউনিসের আল-সাতর আল-গারবি এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গাজ্জা সিটির পূর্বাঞ্চলে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ এবং উপকূলীয় এলাকায় নৌবাহিনীর গুলিবর্ষণ অব্যাহত রয়েছে।

অন্যদিকে, জাবালিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বাড়িঘর ও তাঁবু লক্ষ্য করে সামরিক যান এবং কোয়াডকপ্টার ড্রোন থেকে ব্যাপক গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ