বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে তাঁদের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে তাঁদের সামরিক চাকরির অবসান ঘটবে।
সেনা আইনের ১৬ ধারার আওতায় তাঁদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। এতে সেনা আইনের ৯(ক) বিধি এবং সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি শেষ হওয়ার ধরন হিসেবে উল্লেখ করা হয়েছে ‘চাকরি থেকে বরখাস্ত’। আদেশ দুটির ভিত্তি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে।
সেনা আইন, ১৯৫২-এর ১৬ ধারা অনুযায়ী, সরকার এই আইনের আওতাধীন কোনো ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে। সেনাবাহিনীর প্রবিধানেও প্রশাসনিক প্রক্রিয়ায় কোর্ট মার্শালের রায় ছাড়াই চাকরির অবসানের বিধান রয়েছে। তবে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে সামরিক বা বেসামরিক আদালতে ফৌজদারি মামলা করা হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বরখাস্তের প্রথম আদেশে বিএ-৪৬৩৮ ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনের নাম রয়েছে। তিনি সেনাসদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। তাঁর অধীনে কোনো অপারেশনাল কমান্ড ছিল না।
অন্যদিকে, দ্বিতীয় আদেশে বিএ-৬৯৭২ লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের নাম রয়েছে। তিনি কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা এবং সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।
এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় তিনি ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেড সরাসরি সেনাসদরের অধীনে কাজ করত।
২০২৪ সালের ১৯ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করে। আন্দোলন তীব্র হওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়। জুলাই আন্দোলনের সময় জাকারিয়া হোসেন ওই ব্রিগেডের দায়িত্বে ছিলেন।











