spot_img
spot_img

ভারতে পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

ছট পূজার প্রসাদ হিসেবে তৈরি খাবার আগেভাগে খেয়ে ফেলায় নিজের চার বছর বয়সী মেয়েকে বেধড়ক মারধর করেন এক মা। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলার পূসা থানার মোহাম্মদপুর বিরৌলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম সুহানি কুমারী। সে ওই এলাকার বাসিন্দা রাজু পাসোয়ানের মেয়ে। অভিযুক্ত মায়ের নাম রীনা কুমারী।

শিশুটির বাবা রাজু পাসোয়ানের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা ছট পূজার আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। অন্য সদস্যরা পূজার ব্যবস্থাপনার জন্য পাশের একটি ঘাটে গেলে বাড়িতে প্রসাদ তৈরির কাজ করছিলেন রীনা কুমারী।

এ সময় ছোট্ট সুহানি প্রসাদের জন্য তৈরি করে রাখা একটি খাবার স্পর্শ করে এবং খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে রীনা মেয়েকে বেধড়ক মারধর করেন। মারধরের পরপরই সুহানির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরে অবস্থা বেগতিক দেখে রীনা মেয়েকে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পুলিশকে দেওয়া বক্তব্যে রাজু পাসোয়ান জানান, মেয়ের এমন মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে। মেয়ে যখন আর বেঁচে নেই, তখন তাঁর কাছে এই উৎসবের আর কোনো অর্থ অবশিষ্ট নেই। স্ত্রীর কঠোর শাস্তি দাবি করে তিনি বলেন, জীবনে এই স্ত্রীর আর কোনো প্রয়োজন নেই। বাকি সন্তানদের তিনি একাই বড় করবেন।

রাজু ও রীনা কুমারী দম্পতির তিন সন্তান। তাদের মধ্যে সাত বছর বয়সী শিবানী কুমারী, চার বছর বয়সী সুহানি কুমারী এবং দেড় বছর বয়সী রাজা কুমার রয়েছে। সুহানির অকালমৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পূসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকেশ কুমার জানান, চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ