মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার হত্যার হুমকি পাওয়ার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতু। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে এবং হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়ে তিনি এ অভিযোগ করেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় অভিযোগপত্র জমা দেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে দেশি ও বিদেশি, বিশেষ করে ভারতীয় বিভিন্ন নম্বর থেকে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে মিতু এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সংসদ ভবন এলাকায় অবস্থানকালেও তার মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগ জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদা মিতু বলেন, গত আট-দশ দিন ধরে এবং বিশেষ করে গত দুই দিন সংসদে বসে থাকার সময় একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে ফোন করে আমাকে অত্যন্ত বিকৃতভাবে মেরে ফেলার ও ধর্ষণের হুমকি দিচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতারই প্রতিফলন।
তিনি বলেন, ইন্ডিয়ার মাটি ব্যবহার করে ও দিল্লির উসকানিতে প্রতিদিন আমাদের ভূখণ্ডে যেভাবে অরাজকতা তৈরি করা হচ্ছে, তা কূটনৈতিক ব্যর্থতাকেও সামনে নিয়ে আসে।
সংরক্ষিত নারী আসনের এ সংসদ সদস্য বলেন, আজ আমি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় জিডি করেছি। আমি চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনকে তলব করে এর জবাব চাইবে। একজন সংসদ সদস্য হয়েও সংসদে বসে আমি নিজেই যদি এমন হুমকি পাই এবং আমাকে থানায় গিয়ে জিডি করতে হয়, তবে জুলাই আন্দোলনের আপামর নারীরা আজ কতটা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।
এ বিষয়ে তেজগাঁও থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করবে।











