রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের রায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে, তা জানতে অপেক্ষায় রয়েছেন রামিসার স্বজনরা।
সোমবার (১৬ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
শুনানিতে রাষ্ট্রপক্ষ সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ তুলে ধরে তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে। পাশাপাশি স্বপ্না খাতুনের ভূমিকার বিষয়টিও তুলে ধরে রাষ্ট্রপক্ষ জানায়, ঘটনার বিষয়ে অবগত থাকার পরও তিনি স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। তাই তাঁর মৃত্যুদণ্ডও বহাল রাখার আবেদন জানানো হয়।
অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে বলেন, ধর্ষণ ও হত্যার সঙ্গে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তাঁকে খালাস দেওয়ার পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মামলার তদন্তে উঠে আসে, প্রতিবেশী সোহেল রানা শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ২৫ মে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য পরীক্ষা করা হয়।
বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেন আদালত।
বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে দুই আসামি কারাগার থেকে আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।
এখন হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন রামিসার স্বজনরা।











