spot_img
spot_img

গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য যত বেশি সম্ভব সদস্যের সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিওচিত্র সংগ্রহ ও পর্যবেক্ষণে ড্রোন এবং ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন তাঁরা। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন বিজিবি সদস্যরা।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের সময় সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ