spot_img
spot_img

ফারাক্কা বাঁধে শুকিয়ে যাচ্ছে পদ্মা, প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী

ভারতের ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ। উজানে গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের প্রধান নদীগুলোর অন্যতম পদ্মা এখন অস্তিত্ব সংকটে। শুকিয়ে যাচ্ছে এর শাখা নদ-নদী। মৃতপ্রায় হয়ে পড়েছে অন্তত ১০টি নদী। এর বিরূপ প্রভাব পড়ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার ওপর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় দেখা গেছে, ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় বর্তমানে পদ্মার পানিপ্রবাহ ৮০ শতাংশ কমে গেছে। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ এলাকায় গঙ্গা নদীর ওপর নির্মিত এ বাঁধের কারণে পদ্মাসহ বাংলাদেশের শাখা নদ-নদীগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি প্রত্যাহার করে নেওয়ায় পদ্মায় বিশাল চর জেগেছে। একসময় প্রবল স্রোতে বয়ে চলা নদীটির অনেক অংশ এখন শুকিয়ে গেছে। এর সঙ্গে যুক্ত পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী শুকিয়ে গেছে। মৃতপ্রায় অবস্থায় রয়েছে কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদ।

কপোতাক্ষ নদের কোথাও হাঁটুপানি রয়েছে, কোথাও পানির অস্তিত্ব নেই। স্থানীয়দের ভাষ্য, কোথাও যে সামান্য পানি দেখা যায়, তা বৃষ্টির পানি। গঙ্গা থেকে এ নদীতে আর পানি আসে না।

পানি সংকটে ক্ষতিগ্রস্ত পদ্মার শাখা নদীগুলোর অন্যতম বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাটে এ নদীর উৎসমুখ। সেখানে বিশাল চর জেগেছে। পানির প্রবাহ নেই বললেই চলে। নদীর দুই পাশে পলি জমে চর উঁচু হয়ে গেছে। মাঝখানে সরু নালার মতো একটি প্রবাহপথ রয়েছে।

পদ্মা থেকে রাজশাহী ও নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত। চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম এ নদীর প্রবাহ কমে যাওয়ার দীর্ঘদিনের সাক্ষী। তিনি জানান, একসময় এ নদীতে বড় বড় নৌকা চলতে দেখেছেন।

নদী গবেষকদের মতে, ফারাক্কা বাঁধ বাংলাদেশের পদ্মার মূল প্রবাহের পাশাপাশি এর শাখা নদ-নদীগুলোর পানিপ্রবাহেও মারাত্মক ক্ষতি করেছে। উজানে পানি প্রত্যাহারের ফলে ভাটির দেশ বাংলাদেশকে নদীর স্বাভাবিক প্রবাহ হারানোর পাশাপাশি পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

পানি বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে। ১৯৭৫ সালে এটি চালু করা হয়। ভারতের সরকারি নিরীক্ষা প্রতিবেদনে বাঁধটির দৈর্ঘ্য ২ হাজার ২৪৫ মিটার উল্লেখ করা হয়েছে। বাঁধটি নির্মাণের পর থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক পরিবর্তন ঘটেছে। বহু নদীর মৃত্যু, মানুষের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতিসহ বহুমাত্রিক প্রভাবের কারণে বাংলাদেশে এবং ভারতের কিছু অংশেও বাঁধটির বিরোধিতা রয়েছে।

অর্ধশতাব্দীর বেশি সময় ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান উদ্বেগ হলো, ভারত এ বাঁধের মাধ্যমে গঙ্গার পানি প্রত্যাহার করায় পদ্মার বুকে বিশাল চর জেগেছে এবং নদীর গতিপথ সংকীর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানি সরিয়ে নেওয়ায় পদ্মায় পানির সংকট তীব্র হচ্ছে। বাংলাদেশের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অস্তিত্ব সংকটে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদ।

অন্যদিকে ভারত বরাবরই যুক্তি দিয়ে এসেছে, কলকাতা বন্দর সচল ও নাব্য রাখতে ফারাক্কা বাঁধের বিকল্প ছিল না। তবে বাঁধটির প্রভাব শুধু বাংলাদেশের ওপরই সীমাবদ্ধ নয়। কয়েক বছর আগে ফারাক্কা ব্যারাজ ভেঙে দেওয়ার দাবি তুলেছিল ভারতের বিহার সরকারও। রাজ্যটির অভিযোগ, ফারাক্কার কারণে প্রতিবছর তাদের বন্যার মুখে পড়তে হয়। এ ছাড়া ফারাক্কার উজানে ও ভাটিতে গঙ্গার ভাঙনও স্থানীয় মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্প্রিঙ্গার নেচারের ‘ডিসকভার ওয়াটার’ সাময়িকীতে ২০২৬ সালের জুনে প্রকাশিত মো. ইমরান হোসেনের গবেষণায় বলা হয়েছে, উজান থেকে পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষি কার্যক্রম, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির হিসাবও গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে এ ক্ষতির পুরোটাই শুধু ফারাক্কা বাঁধের কারণে হচ্ছে না। এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনার দুর্বলতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও জড়িত।

নিউজিল্যান্ডের গবেষক এম এম কিউ মির্জার ১৯৯৮ সালের গবেষণায় গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। গঙ্গা ও গড়াই নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পলি জমা ও লবণাক্ততা বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি, বন, শিল্প ও সুপেয় পানির ওপর।

এ ছাড়া ১৯৯২-৯৩ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার কারণে ধানের ফলন বোরো মৌসুমে সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং আমন মৌসুমে ৭১ শতাংশ পর্যন্ত কমেছিল বলে গবেষণায় উদ্ধৃত তথ্য থেকে জানা যায়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদন ছিল প্রায় ৯৭ লাখ ৭৪ হাজার টন। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে প্রায় ৪ কোটি ৭ লাখ টনে দাঁড়িয়েছে। আধুনিক বীজ, সার ও সেচ ব্যবস্থার উন্নতির কারণে দেশের সামগ্রিক ধান উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে গবেষকদের মতে, শুধু উৎপাদন বৃদ্ধির হিসাব দিয়ে উজানের পানি প্রত্যাহারের ক্ষতি মূল্যায়ন করা যায় না। গঙ্গার পানিপ্রবাহ স্বাভাবিক থাকলে এবং লবণাক্ততা না বাড়লে দেশে ধানের উৎপাদন আরও কত বেশি হতে পারত, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি।

এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, অভিন্ন নদ-নদী নিয়ে এ পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে যেসব আলোচনা হয়েছে, তা মূলত নদ-নদীর প্রতি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির আলোকে হয়েছে। এ দৃষ্টিভঙ্গিতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকা গুরুত্ব পায় না। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বিপরীতে রয়েছে নদ-নদীর প্রতি প্রকৃতিসহায়ক দৃষ্টিভঙ্গি। এতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি বলেন, প্রতিটি নদ-নদী নিজস্ব উপত্যকায় একটি বাস্তুতন্ত্রের জন্ম দেয় এবং তা টিকিয়ে রাখে। পৃথিবীর সামগ্রিক বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় নদ-নদীর এ দুই ভূমিকা অপরিহার্য। অভিজ্ঞতায় দেখা যায়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি অদূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে এর বাণিজ্যিক ও অর্থনৈতিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রকৃতিভিত্তিক দৃষ্টিভঙ্গি দূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকা সুরক্ষিত থাকলে নদী তার অর্থনৈতিক ভূমিকা পালনে সক্ষম থাকে।

পদ্মা নদীর তীরবর্তী এলাকার প্রবীণদের ভাষ্য, একসময় নদীতে প্রচণ্ড স্রোত ছিল। নদীও ছিল অনেক বড়। ফারাক্কা বাঁধ নির্মাণের আগে পানির প্রবাহ ও স্রোতের তীব্রতা এত বেশি ছিল যে, নদীর এক পাড়ে নৌকা ভেড়াতেও চারজন মানুষ ভয় পেতেন। তাঁদের ভাষায়, এখন নদীর অনেক জায়গায় শুধু চর আর ডাঙা।

পদ্মার জেলেরা জানান, নদীতে পানি কমে যাওয়ায় আগের মতো মাছ পাওয়া যায় না। অতীতে যেসব মাছ তাঁরা ধরতেন, এখন সেগুলোর অনেক প্রজাতিই আর ধরা পড়ে না। এ কারণে অনেকে মাছ ধরার পেশা ছেড়ে দিয়েছেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখানদী। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে এ নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মকর্তারা আরও বলেন, গড়াই নদীতে একসময় ৪৪ কিলোমিটারজুড়ে চর পড়েছিল। বর্তমানে ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে নদীটি সচল রাখার চেষ্টা চলছে। কুষ্টিয়া জেলায় ১১টি নদী রয়েছে, যেগুলো পদ্মা ও গড়াই নদীর সঙ্গে সংযুক্ত। পদ্মায় পর্যাপ্ত পানি না পাওয়া গেলে এসব নদীও মৃতপ্রায় হয়ে পড়বে।

নদ-নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের অন্যতম উদ্বেগ গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। বাংলাদেশের অন্যতম বৃহৎ এ সেচ প্রকল্প সম্পূর্ণভাবে পদ্মার পানির ওপর নির্ভরশীল। চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যে ষাটের দশকে প্রকল্পটি গড়ে তোলা হয়। কিন্তু ফারাক্কা বাঁধের প্রভাবে সৃষ্ট পানির সংকটের কারণে বিভিন্ন সময়ে সেচ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

spot_img
spot_img
spot_img

সর্বশেষ