spot_img
spot_img

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ রাজা মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছিল বলে মামলায় উঠে এসেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালত মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেন।

মার্চ মাসে যুক্তরাষ্ট্রের কোনো রাজনীতিক বা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হন মার্চেন্ট। আদালতের রায়ে তাঁর ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড নির্ধারণ করা হয়।

২০২০ সালের জানুয়ারিতে ইরানের বিদেশে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা কমান্ডার কাসেম সোলেইমানি বাগদাদে আমেরিকার ড্রোন হামলায় নিহত হন। তাঁর হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছিলেন ইরানি কর্মকর্তারা।

মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ, সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে তিনি আমেরিকায় একজন রাজনীতিক বা সরকারি কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। আমেরিকার কর্তৃপক্ষের অভিযোগ, এ ষড়যন্ত্রের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল।

তবে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মার্চেন্ট দাবি করেন, ইরানের রাজধানী তেহরানে থাকা নিজের পরিবারকে রেভল্যুশনারি গার্ড বাহিনীর হাত থেকে রক্ষা করতে তাঁকে এই ষড়যন্ত্রে জড়াতে বাধ্য করা হয়েছিল। তিনি আরও বলেন, কাউকে হত্যার আগেই তিনি ধরা পড়ে যাবেন বলে ধারণা করেছিলেন।

বিচার চলাকালে মার্চেন্ট জানান, তাঁকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি। তবে তাঁর ইরানি যোগাযোগকারী এই ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনের নাম উল্লেখ করেছিলেন। তাঁরা হলেন ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।

তবে আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্চেন্টের কারাদণ্ডের পর এক বিবৃতিতে ব্ল্যাঞ্চ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা সমন্বয় করতে আমেরিকায় আসা একজন ইরানি এজেন্টকে তাঁর অপরাধের জন্য যথাযথ সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমেরিকার নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্র কোনোভাবেই সহ্য করা হবে না। এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত বিচার বিভাগ তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এর আগে আমেরিকার কর্মকর্তারা মার্চেন্টের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের অভিযোগকে তারা ‘ইরানি শাসনব্যবস্থার প্রচলিত কৌশলেরই প্রতিফলন’ বলে বর্ণনা করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জুলাই আমেরিকা ছাড়ার প্রস্তুতিকালে আসিফ মার্চেন্টকে গ্রেফতার করা হয়।

সূত্র: এএফপি, আমেরিকার বিচার বিভাগ, গালফ নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ